দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় দুটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিরল উপজেলার ধনগ্রাম এলাকা থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেন এবং এ ঘটনায় রাসেল ইসলামকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। আটক রাসেল ইসলাম বিরল উপজেলার ধনগ্রাম গ্রামের বাসিন্দা।
শনিবার (৭ মার্চ) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
তিনি বলেন, উদ্ধার হওয়া দুটি কষ্টিপাথরের মূর্তির মোট ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি মূর্তি উদ্ধার করা হয়।