মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগতির আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ইসমাইল হোসেন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজৈর উপজেলার আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে গেলে সেটি ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। ভোরে দ্রুতগতির একটি বেপরোয়া ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ইসমাইল হোসেন (১৮) নিহত হন।
দুর্ঘটনায় ট্রাকচালক রাসেল হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইসমাইল ও তার বাবা চালক রাসেল হোসেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনায় অপর ট্রাকের চালক মো. সোহেক কবির (৩৭) আহত হয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।