শরীয়তপুরের নড়িয়ায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব নির্বাচনী প্রচারণা সামাজিক ও রাজনৈতিক আলোচনার সৃষ্টি করেছে। সাবেক যুবদল নেতা ফাহিম হাসান রনি মাঝি নিজেকে নির্দলীয় ও নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় দিয়ে সম্প্রতি একটি ফেস্টুন টানিয়েছেন, যা এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও আলোচনা সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম হাসান রনি মাঝি ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা। এক সময় তিনি উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে তিনি নিজস্ব ছবি সম্বলিত এই নির্বাচনী ফেস্টুন টানান। ফেস্টুনে উপরের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডানপাশে শহীদ জিয়াউর রহমান এবং মাঝখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি স্থান পেয়েছে। এছাড়াও ফেস্টুনে তিনি নিজেকে নিরপেক্ষ ও নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
ফেস্টুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই এ প্রচারণাকে অভিনব ও চমকপ্রদ মনে করছেন, আবার অনেকে বলছেন এটি বিতর্কের কারণ হতে পারে।
ফাহিম হাসান রনি মাঝি বলেন, ‘আমি রাজনীতির বাইরে থেকে নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কিছু নেই। তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা। শহীদ জিয়াউর রহমানও স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন, যা আমি অস্বীকার করি না। তারেক রহমানের ছবি রেখেছি কারণ তিনি এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাকে অস্বীকার করলে বাংলাদেশকেও অস্বীকার করা হবে।’
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের অভিনব প্রচারণা ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে পারে। তবে একই সঙ্গে এটি রাজনৈতিক বিতর্কও তৈরি করতে পারে। নড়িয়ার নির্বাচনী পরিবেশ এখন ফেস্টুনটি ঘিরে চরম চাঞ্চল্যের মুখে।