মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও সশস্ত্র হামলায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মিনু বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ হারুন খা, আব্দুল মান্নান খা ও মহসিন মিয়াকে আটক করেছে। এ সময় মান্নান খার ঘর থেকে একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খা গ্রুপের সঙ্গে প্রতিবেশী মিজানুর রহমানের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে স্থানীয় কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খার লোকজন মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে মিজানুর রহমান বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এরপর তারাবির নামাজের পর রাতে মান্নান খা, হারুন খা, আমিন খাসহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও হামলা চালালে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়।
আহতদের মধ্যে রয়েছে মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেদ খা, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। আহত মিজানুর রহমানের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের আটক করা হয়েছে এবং একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।