খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে বোমা নিক্ষেপ করতে গিয়ে নিজের বোমা বিস্ফোরণে মামুন মোল্যা নামে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হয়রানি বন্ধের দাবিতে শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাউদ মোল্যা বলেন, বোমা নিক্ষেপ করতে গিয়ে নিজের বোমা বিস্ফোরণে আহত হয়ে মামুন মোল্যার মৃত্যু হয়। তেরোখাদা থানার ওসি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমকে বক্তব্য দিয়েছেন এবং তা উদ্ধৃত করে সংবাদও প্রকাশিত হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল মোড়ল, দাউদ মোল্যা, গোলাম মোস্তফা, শাহজাহান শেখ, জাকির মুন্সি, জুলহাস শেখ, লিটন শেখ ও সিদ্দিক মোল্যাসহ কয়েকজন নেতাকর্মীকে পরিকল্পিতভাবে হয়রানির চেষ্টা চলছে। একই সঙ্গে একটি সন্ত্রাসী গোষ্ঠী বিএনপি নেতাদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইতোমধ্যে ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান শেখের বাড়িতে অগ্নিসংযোগ এবং শাহীন শেখের বাড়ি থেকে গরুসহ মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে।
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।