জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
এর আগে সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার হাজরাবাড়ী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে বক্তব্যে জানতে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শিপলুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম জানান, গতকাল রাতে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।