বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাড়িতে চুরি হয়েছে। বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় তার নিজ বাড়িতে গত সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে ঝড়-বৃষ্টির মধ্যে এই চুরি হয়।
আমলাপাড়া এলাকায় চারতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি ইউনিটে বাগেরহাটে এলে আইজিপি থাকেন। বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। সেই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির মেইন লাইন থেকে মিটার পর্যন্ত সংযুক্ত সার্ভিস লাইনের তামার তার কেটে নিয়ে যায়। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরেরা কৌশলে নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
চুরি হওয়া তারের মধ্যে দুই কয়েল তামার তার রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে। সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বাড়িটিতে আবার বিদ্যুৎ সংযোগ দেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া তার উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। সন্দেহভাজন হিসেবে শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদঘাটনে আমরা কাজ করছি।’