ঢাকা-বগুড়া মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। আহত আহত হয়েছে আরও অন্তত ৯ জন। সিলিন্ডার বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী মাইক্রোবাস সড়কের বিভাজকে আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রংপুরের কাউনিয়ার তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে তায়েবা, তৈয়ব আলীর ছেলে মমিনুল ইসলাম ও মেয়ে শিউলি বেগম। মমিনুল ও শিউলি সম্পর্কে ভাই-বোন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার দিকে যাচ্ছিল একটি হায়েস মাইক্রোবাস। সোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের মাঝে থাকা আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন আরও দুজন মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ছাড়া এ দুর্ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।