শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সাইকেল ও ট্রলির সংঘর্ষে রমজান নামের তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার উত্তর ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার কনেশ্বর ইউনিয়নের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। সে স্থানীয় নিউনেস ইসলামি একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর ডামুড্যার আখন বাড়ির জামে মসজিদের সামনে দুপুর ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয় রমজানের সাইকেলের। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী মোশাররফ বলেন, ‘হঠাৎ জোরে শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি ছেলেটি গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।’
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান ঈশা জানান, ‘শিশুটিকে হাসপাতালে আনার সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। নাক দিয়ে রক্তপাত হচ্ছিল। চিকিৎসা দেওয়ার পর ইসিজিতে কোনো সাড়া পাওয়া যায়নি, পরে তাকে মৃত ঘোষণা করা হয়।’
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’