ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ অব্যাহত থাকায় যমুনা সেতুতে যানবাহন পারাপার আরও বেড়েছে। বুধবার (১৮ মার্চ) সেতু দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, বুধবার সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ৩২ হাজার ৮৪০টি এবং পশ্চিমমুখী ছিল ১৮ হাজার ৭৪৪টি।
স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। সে হিসাবে বুধবার প্রায় ৩৩ হাজার ৫৮৪টি যানবাহন বেশি পারাপার হয়েছে, যা ঈদযাত্রার বাড়তি চাপকে স্পষ্টভাবে তুলে ধরছে।
যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে টোল আদায়ও বেড়েছে। বুধবার পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। সব মিলিয়ে একদিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছিল, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৯ হাজার বেশি ছিল। দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে যানবাহনের চাপ।
ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান এই সেতুতে চাপ আরও বাড়ছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।