ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান মো. ফজলুল হকের ছোট ছেলে মাহমুদুল হাসান সুপ্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) সম্মানজনক দায়িত্ব লাভ করেছেন। তার এই অর্জনের খবরে এলাকায় ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
এ সাফল্যকে ঠাকুরগাঁওবাসীর জন্য এক অনন্য গৌরব হিসেবে দেখছে সুপ্ত’র পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসী।
জানা গেছে, ছোটবেলা থেকেই সুপ্ত ছিলেন অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবনে তিনি সুনামের সঙ্গে পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে নিজ যোগ্যতা, মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান সুদৃঢ় করেন। কঠোর প্রশিক্ষণ, শারীরিক ও মানসিক সক্ষমতার নানা ধাপ অতিক্রম করে অবশেষে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ লাভ করেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগ বিশ্বের অন্যতম আধুনিক ও দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা হিসেবে পরিচিত। সেখানে দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং ও সম্মানের বিষয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তার বাবা সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক সন্তানের সাফল্যে কামনায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, ‘ছোটবেলা থেকেই সে পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ ছিল। আজ তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা চাই সে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও এলাকার সুনাম বয়ে আনুক।’
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও শিক্ষিত মহল সুপ্তর এ অর্জনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, বিদেশের মাটিতে এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাবে এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
পরিবার ও শুভানুধ্যায়ীবৃন্দ মাহমুদুল হাসান সুপ্তর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।