সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার তালার ইসলামকাটি, শ্যামনগর, সাতক্ষীরা সদরের বাউখুলা, ভাড়ুখালী গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউখোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী।
একইভাবে জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নেও পৃথক দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও আহলে হাদিসের একটি অংশ ভিন্ন হিসাব অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। তবে জেলার অধিকাংশ এলাকায় চাঁদ দেখার ভিত্তিতে আগামীকাল ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে।