ঢাকা থেকে বান্দরবানগামী সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ আহত হয়েছেন। তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ে স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই আহত পর্যটকদের উদ্ধারে স্থানীয়দের দ্রুত এগিয়ে আসার জন্য সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। পুলিশকে জানালে বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিমও উদ্ধার কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটির ভেতর থেকে আমরা অনেক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাসটিতে থাকা অধিকাংশ পর্যটক ছোটখাটো আহত হয়েছেন। তবে তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন।’
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহত পর্যটকদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়। বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারসহ সর্বমোট ৪৩ জন যাত্রী ছিলেন এবং যাত্রীরা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে গতরাতে ঢাকা থেকে রওনা হন। বাসটিতে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন পর্যটক ছোটখাটো আঘাতপ্রাপ্ত হয়েছে।