সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ‘ঈদ সালামি’ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোহেল রানা উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় ঈদ সালমি দেওয়ার কথা বলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ঈদের দিন সকালে স্থানীয় লোকজন কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলা কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।
পরে মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।