চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক বিএনপি নেতার বাড়িতে ঢুকে হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তিনি ও তার মা গুলিবিদ্ধ হন। রোববার (২২ মার্চ) রাতে এ হামলার ঘটনা ঘটে। আহত ওসমান গণি (৪২) রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম সরফভাটা গ্রামের বাসিন্দা।
দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তার একটি হাতে ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার বাবা রশিদ আহমদ আহত হন। গুলিবিদ্ধ হন মা আছিয়া বেগম (৭০)।
পরিবারের সদস্যদের ভাষ্য, ওসমান গণি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে আটটার দিকে তিন–চারজন চাপাতি ও বন্দুক নিয়ে ওই বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ও হামলা চালায়। পরে তারা পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওসমানের মা ও বাবাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ওসমান গণির শরীরে একাধিক গুলি লেগেছে। এর মধ্যে পেটে লাগা গুলিটি গুরুতর।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, ঘটনার পরপর পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি, তবে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।