সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসকের অনুমোদিত নির্দিষ্ট ফুয়েল কার্ড বা টোকেন ছাড়া কোনো ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেওয়া যাবে না।
জেলা প্রশাসন বুধবার (২৫ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। জ্বালানি তেলের অপচয় রোধ ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলে তেল নেওয়ার সময় চালককে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্দিষ্ট কার্ড বা টোকেন প্রদর্শন করতে হবে। ফিলিং স্টেশনগুলো থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোটরসাইকেলে তেল দেওয়া যাবে। এর বাইরে কোনো মোটরসাইকেলে তেল দেওয়া নিষিদ্ধ থাকবে। এ ছাড়া তেল নেওয়ার সময় চালকের মাথায় হেলমেট থাকতে হবে এবং সঙ্গে বৈধ রেজিস্ট্রেশন কার্ড ও ড্রাইভিং লাইসেন্স রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ফুয়েল কার্ড সরাসরি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় অথবা জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
এদিকে প্লাস্টিকের বোতল বা ড্রামে করে খুচরা জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নতুন এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন ও মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ গ্রাহকদের ভোগান্তি এড়াতে দ্রুত ফুয়েল কার্ড সংগ্রহ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।