যশোরে সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৪৫) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার আমবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন চৌগাছা উপজেলার পাশাপোল কলেজের শিক্ষক। তিনি একই উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি মো. মাসুম খান জানান, মকবুল হোসেন মোটরসাইকেলে করে যশোর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান বলে জানান যশোর কোতোয়ালি থানার ওসি মো. মাসুম খান।