বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদের জুম্মার নামাজের খুতবার আগে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন, জামায়াত ইসলামী বিদ্বেষী, চরমোনাই পীরের বিদ্বেষী না, উনি ইসলাম বিদ্বেষী। উনার বক্তব্য কালকে দেখেছেন? এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, আপনি তাদেরকে জিজ্ঞেসা করেন তারা ইসলাম বিদ্বেষী কি না। তারা ধর্ম বিদ্বেষী কি না।’
আমির হামজা বলেন, ‘তারেক রহমানকে এই টুকুর কারণে খাম্বা বলে ডাকা হয়। এই জায়গাটায় এর আগেও উনি মন্ত্রী ছিলেন।’
আমির হামজা আরও বলেন, ‘উনি এই সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব পেলে কি হাহাকার লাগে তা মজমপুরের তেল পাম্পে গেলে দেখতে পারবেন। বিআরবি কেবলের তেল পাম্পে যান, মন্ডল ফিলিং স্টেশনেও একই অবস্থা। দেখেন তো কি হাহাকার চলছে।’
এই সংসদ সদস্য বলেন, ‘আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম। ৫ লিটারের বেশি তেল দেয় না জেনেরেটর চালাতে। অথচ বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল চালাতে কত লিটার তেল লাগে? কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন। এই সমস্ত অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা দেশের মানুষের প্রতি দরদ রাখে, এরকম মানুষকে যদি সিরিয়াল আকারে বসানো যেত, তাহলে এই হাহাকারটা লাগতো না। এর আগেই তো সে পরীক্ষিত ছিল।’