ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ফরিদপুর সদর উপজেলার উপজেলার গেরদা ইউনিয়নের কেশব নগর গ্রামের কয়েকজন হতদরিদ্রের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম। সে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশব নগরের তমিজ উদ্দিনের পুত্র। শুক্রবার (২৭ মার্চ) রাত সাতটার দিকে কোতয়ালী থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম নামের ওই ব্যাক্তি, কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্রের কাছ থেকে জনপ্রতি সামর্থ্য অনুসারে সাতশ থেকে হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তার কথাবার্তায় অসংলগ্নতা পেলে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফের হট লাইন নম্বরে যোগাযোগ করেন স্থানীয় এবং ভুক্তভোগীরা। অতপর সাংসদের নির্দেশে হটলাইন নম্বর পরিচালনাকারীরা বিষয়টি খতিয়ে সত্যতা পেয়ে স্থানীয়দের সহায়তায় ওই ব্যাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
অভিযুক্ত ব্যক্তি এসময় অকপটে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। না বুঝেই তিনি অন্যায় করে ফেলেছেন দাবি করে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, আর কখনোই এমন কাজ করবেন না। এসময় তিনি নিঃশর্ত ক্ষমা চাইলে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।