টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার (২৯ মার্চ) দুপুরে কলেজের প্রধান কটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয় । এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের অপসারণ দাবি করেন।
প্রসঙ্গত, সম্প্রীতি কলেজের একজন শিক্ষিকার সঙ্গে অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অডিও রেকর্ডে অশালীন কথাবার্তা রয়েছে বলে দাবি করেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এছাড়াও কলেজের বাকি শিক্ষিকারা দাবি করেন, কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের কাছ থেকে কলেজের প্রায় অধিকাংশ শিক্ষিকাই নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসাইন খান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম,, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সায়মা আক্তার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিনা খাতুন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছেরি আজাদ শম্পাসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম এর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি।