সাতক্ষীরায় জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে ঝড়-বৃষ্টির প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তেলের জন্য পাম্পগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। তবে দীর্ঘ অপেক্ষার পর তেল না পাওয়ায় এবং সিরিয়াল ভাঙাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ব্যাপক মারামারি ও হট্টগোলের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর বৃষ্টিতে ভিজে শত শত মোটরসাইকেল চালক পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ধৈর্য হারিয়ে ফেলায় সাধারণ মানুষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে ব্যাপক মারপিটে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাম্পে পুলিশ মোতায়েন করতে হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ২৭ মার্চ রাতেও তেলের দাবিতে সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। তাদের অভিযোগ, পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে মজুতদারি করছেন।
অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ দাবি করছে, ডিপো থেকে সরবরাহ কমে যাওয়া এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে।