জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী মো. আমিনুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আমিনুল উপজেলার বেলুয়ারচর এলাকার আমজলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে সুরুজ্জামান তার মেয়ে সুজলা আক্তারের সঙ্গে আমিনুলের বিয়ে দেন। বিয়ের পর কয়েক বছর তাদের সংসার স্বাভাবিকভাবে চললেও ২০২২ সালে এসে আমিনুল স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ঘটনার দিন যৌতুকের দাবিকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে আমিনুল তার স্ত্রীকে তলপেটে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান সুজলা আক্তার। ঘটনার পর নিহতের বাবা সুরুজ্জামান বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।
বিচারকালে রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী উপস্থাপন করে। এছাড়া আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি অপরাধের দায় স্বীকার করেন। উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।