বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা-র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও উপস্থাপিত তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকু সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা প্রকাশ্যে তাকে ‘নাস্তিক’ বলে ব্যক্তিগত আক্রমণ করেন, যা তার ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদীপক্ষের আইনজীবীরা জানান, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরাও মুফতি আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একজন সজ্জন রাজনীতিক ও সাবেক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অনাকাঙ্ক্ষিত। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।