চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে বখতিয়ার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বখতিয়ার উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা। তিনি হাজী রফি উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ ক্লিনিকে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
স্থানীয়দের ভাষ্য, আগের দিন থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। শেষ দিন হওয়ায় সকালে তাড়াতাড়ি কার্ড সংগ্রহ করতে মাঠে এসেছিলেন বখতিয়ার।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) বানী ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি হার্টের রোগী ছিলেন। কার্ড সংগ্রহ করতে লাইনে দাঁড়ালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।