বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অপহৃত ১৮ মাস বয়সী শিশু কন্যা রাফছাকে উদ্ধার করেছে র্যাব-৬। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আঃ রশিদ খানের বাড়ি থেকে অপহরণের ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে খুলনা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক নয়ন শেখকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপহৃত শিশু রাফছা ছোট বাহিরদিয়া গ্রামের আঃ রশিদ খানের মেয়ে। আটক নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনার দিন সকালে প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পরবর্তীতে শিশুটির খোঁজ করতে গিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় রশিদ খান মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত দিতে টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খুলনায় অভিযান পরিচালনা করে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং অভিযুক্ত নয়ন শেখকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।