হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেল ভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রেলওেয়ের বিভাগীয় ম্যানেজার এবি এম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ ঘটনা টেকনিক্যাল সমস্যা নাকি পরিকল্পিত দুর্ঘটনা তা খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল করবে তদন্ত কমিটি।
তিনি আরও বলেন, লাইনচ্যুত বগি থেকে জ্বালানি তেল সামান্য পরিমাণ লুটপাট হয়েছে। বেশির ভাগ তেল বিজিবি, পুলিশ সংগ্রহ করেছে। প্রতিটি বগিতে ৩৯ হাজার লিটার জ্বালানি ডিজেল ছিল।
উল্লেখ্য, বুধবার জ্বালানি তেল ভর্তি একটি ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ট্রেনটির একটি বগি লাইনের পাশের খাদে পড়ে যায়। এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।