সুনামগঞ্জসহ কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ হাওরের জেলার কৃষকদের বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসন করতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। শুক্রবার (৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ওই চিঠিতে লিখেন, ‘আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি।
আমরা হাওর পাড়ের মানুষ। একটিমাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমত চেষ্টা করছেন কিন্তু পারছেন না।
আপনার মূল্যবান সময়। অনেক ব্যস্থ আপনি। অনেক কাজ আপনার হাতে। তবুও আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আসে পাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ দরকার।’
তিনি অনুরোধ করে বলেন, ‘প্রধানমন্ত্রী কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে আসতে পারেন। দরকার মনে করলে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরও কাজে লাগাতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।’
পরিশেষে শিশির মনির বলেন, ‘আপনার শাসন আমলে খাল খনন কর্মসূচী শুরু করেছেন। আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় [দিরাই-শাল্লা] বেশি করে খাল খনন করা দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ।’