শুধু কোদাল কাঁধে নিলেই জনগণ খুশি হবে না-বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির। রোববার (৫ এপ্রিল) বেলা ১২টায় বগুড়া শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘জনরায় উপেক্ষা নয়, গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা’-শীর্ষক এ আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।
শিশির মনির বলেন, ‘মাঝে মাঝে কোদাল কাঁধে নিলেই হবে না। দেখতে যতই ভালো লাগুক, রাজনৈতিক প্রশ্নের সমাধান না করতে পারলে শুধু কোদাল কাঁধে নিয়ে বাংলাদেশের মানুষকে সন্তুষ্ট করা যাবে না।’
তিনি আরও বলেন, সরকার ৫১ শতাংশ ভোট পেয়েছে, অথচ গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। এখন আপনারা বলেন, গণভোট মানেন না। তার মানে আপনারা জনগণের রায়ও মানেন না।
সরকারের ইতিবাচক কাজের প্রশংসা করার কথাও উল্লেখ করেন এই আইনজীবী। তিনি বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। সরকার ভালো কাজ করলে আমরা অভিনন্দন জানাব। খাল খননের মতো উদ্যোগে আমরা প্রশংসা করেছি। তবে ভালো কাজ না হলে সম্মানও জানাব না।’
গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতামত ও অধিকারকে সম্মান জানানো মৌলিক দায়িত্ব উল্লেখ করে শিশির মনির বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়। তা বাস্তবায়নে সরকারের আন্তরিকতা জরুরি। জনগণের রায় দ্রুত মেনে না নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়নের দাবি আদায় করব।’