বগুড়ায় রবিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সদর উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রবিন উত্তর চেলোপাড়ার মৃত মিরাজ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কাজ শেষে বাড়ি ফিরছিলেন রবিন। পথে ফুলবাড়ি পাথার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।
হামলার পর স্থানীয়রা রবিনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি চাপাতি ও একটি হকিস্টিক উদ্ধার করেছে।
এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার মাস আগে একটি বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
নিহতের ফুফাতো ভাই মো. টুটুল অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চার মাস আগে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ও মারামারি হয়েছিল। সেই ঘটনার জেরেই তাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
নিহতের স্ত্রী আলেমা খাতুন বলেন, ‘এর আগেও আমার স্বামীকে কুপিয়ে জখম করা হয়েছিল। আজ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ছোট একটি মেয়ে আছে, সে এখন কাকে বাবা বলে ডাকবে। আমি চাই এই হত্যার বিচার হোক এবং জড়িতদের ফাঁসি দেওয়া হোক।’
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়টি সামনে এসেছে। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।’