ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বলাবাড়িয়া গ্রামের মৃত আকরাম খানের ছেলে উজ্জ্বল খাঁনের সঙ্গে একই গ্রামের সোলাইমান খানের মেয়ে পোনা খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
স্থানীয়রা জানান, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতের কোনো একসময় উজ্জ্বল খাঁন ঘুমিয়ে পড়লে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরে রেফার করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নাজমুল ইসলাম বলেন, আঘাতটি গুরুতর। ক্ষতস্থানে ৫/৬ টি সেলাই দিতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে যশোর মেডিকেলে পাঠিয়েছি।
কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ভুক্তভোগীর ভাই বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।