বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (৮এপ্রিল) বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ থেকে ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে ১৫০টি ভোটকেন্দ্র। এছাড়াও একটি কেন্দ্রে পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেখানে ৩ হাজার ৭৩৬ জন রেজিষ্ট্রেশন করেছেন।
নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন প্রায় ২ হাজার আনসার সদস্য, ১ হাজার ৩০০ পুলিশ সদস্য, র্যাব, ৮ প্লাটুন বিজিবি, সেনাসদস্য এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাচন কমিশনের আশা, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।