বগুড়া-৬ উপনির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।
ভোটের শুরুতেই প্রধান দুই দলের প্রার্থীরা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল পৌনে আটটায় শহরের সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল ভোট দেন। এরপর সকাল আটটায় শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ভোট প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ২ জন জুডিশিয়াল ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২,৬৫৫ কর্মকর্তা দায়িত্বে আছেন। নিরাপত্তায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন।
পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্টরা।