কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়ার বালুখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস এবং বালুখালী বাজার থেকে উখিয়াগামী একটি ইজিবাইক বালুখালী ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। আহত হন ইজিবাইকের আরও তিন যাত্রী। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনার পর মিনিবাস ও ইজিবাইক দুটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।