সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৪ মৌয়াল নিখোঁজ রয়েছেন। গত সোমবার রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে বন বিভাগের পাশাপাশি কাজ করছে কোস্ট গার্ড ও বিজিবি।
গত ১ এপ্রিল সাতক্ষীরার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু আহরণের বৈধ পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন একদল মৌয়াল। কিন্তু, গত সোমবার রাতে হঠাৎ বৈরী আবহাওয়ার কবলে পড়ে তাদের নৌকাটি। সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের প্রচণ্ড ঝাপটায় মুহূর্তেই তলিয়ে যায় নৌকাটি।
এ ঘটনায় ৮ মৌয়ালের মধ্যে ৪ জন ভাগ্যক্রমে বেঁচে ফেরেন। তারা ভাসতে ভাসতে মঙ্গলবার সন্ধ্যায় হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে তাদের উদ্ধার করে বনবিভাগ। বেঁচে ফেরা ৪ মৌয়াল হলেন- সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তবে দুর্ঘটনার তিন দিন পার হলেও এখনো নিখোঁজ রয়েছেন শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার ৪ মৌয়াল। তারা হলেন আকবর, ওলিউর রহমান, মিকাইল হোসেন এবং ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে বনবিভাগের টিম কাজ করছে। পাশাপাশি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বর্তমানে একটি যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।