পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহা বিজু, সাংগ্রাই ও বৈশাখী উৎসব উপলক্ষ্যে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের আয়োজকদের আর্থিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে শুক্রবার (১গ এপ্রিল) সকালে এ সহায়তা দেওয়া হয়।
জানা যায়, লক্ষীছড়ি, বার্মাছড়ি ও দুল্যাতলী এলাকার বিভিন্ন আয়োজক কমিটির মধ্যে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। পাহাড়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব মহা বিজু, সাংগ্রাই ও বৈশাখী উদযাপনকে ঘিরে এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. তাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মহা বিজু ও সাংগ্রাই চাকমা ও মারমা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব, যা পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত। এই উৎসবকে ঘিরে সেনাবাহিনীর এমন সহায়তা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।
স্থানীয় জনগণ ও ধর্মীয় ব্যক্তিবর্গ বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।