গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে নিয়ম না মেনে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে দেখা যায়,গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরে পুরুষ ছাত্রাবাস সংলগ্ন রাস্তার সঙ্গে থাকা তিনটি ইউক্লিপটাস গাছ কাটা হয়েছে। গাছের গোড়াগুলো এখনো আছে। আর একটি গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে।
এছাড়াও ছাত্রাবাসের দক্ষিণে জমিতে পানি দেওয়ার জন্য পাম্প ঘড়ের কাছে থাকা একটি জীবন্ত রেইনট্রি গাছের মোটা ডালও কাটা হয়েছে।
স্থানীয় লোকজনের ধারণা, নির্বাচিত সরকার না থাকার সুযোগে অন্তবর্তী সরকারের সময়ে এ গাছগুলো সরকারি নিয়ম না মেনে কাটা হয়েছে।
গাছ কাটার বিষয়ে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মাহবুবার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুটি ইউক্লিপটাস গাছ ও একটি রেইনট্রি গাছের ডাল কাটা হয়েছে। যা দিয়ে ছাত্রদের জন্য ফার্নিচার, বিশেষ করে টেবির-চেয়ার তৈরি করা হয়েছে। অবশিষ্ট কাঠ টিনসেড ঘড় নির্মানে কাজে লাগানো হয়েছে।’
গাছ ও গাছের ডাল কাটার কোনো অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের একাডেমিক কাউন্সিলে মৌখিক সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে । তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি।’