সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক— সালেহ আহমেদ জয়ধর (৩০), সুমন মিয়া (২৫) ও মাসুম আহম্মদ (২০) মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন।
এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। নিহতসহ তিনজনই পূর্বে চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করছে বিজিবি।