বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকালে সি ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে কোনো যাত্রী হতাহত হননি।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে। বাসে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।