ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে উসমান আলী (৪২) নামে এক হকার নিহত হয়েছেন। গাড়িতে ফেরি করে পণ্য বিক্রির সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন ওই ব্যক্তি। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উসমান আলী শহরের মেইন বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে ফেরি করে পণ্য বিক্রি করতেন। বিকেল সাড়ে ৩টার দিকে মেইন বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যাপারে নিহতের স্বজনদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাস চিহ্নিত করা হয়েছে।