বান্দরবানের নাইক্ষ্যংছিড়িতে দুটি বিদেশী পিস্তলসহ দুই যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে বিজিবি। এরা হলেন- মো. ফারুক হোসেন (২১) এবং মো.নুরুল আলম (৩০)। রোববার (১২ এপ্রিল) বিকালে নাইক্ষ্যংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক আহম্মেদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, আটক মো. ফারুক হোসেন (২১) উখিয়া সাংখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এফ-১,১৩ নম্বর ক্যাম্পের মো.হোছনের ছেলে। অপরজন মো.
নুরুল আলম (৩০) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধান ঝিড়ি এলাকার মৃত সোলাইমানের ছেলে।
বিজিবি জানায়, গত ১১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় অভিযান চালায় বিজিবি । এ সময় চাকঢালা হইতে একটি মোটরসাইকেলযোগে দুইজন আরোহী বিজিবি চেকপোষ্টের সামনে আসলে তাদেরকে মটোরসাইকেল থামানোর সিগন্যাল দেওয়া হয়।
এসময় মটরসাইকেল আরোহী দুইজনই বিজিবি দেখে দ্রুত দৌঁড়াইয়া পালানোর চেষ্টা করে। সকলের সহযোগীতায় তাদের আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, পিস্তলের ৪২ রাউন্ড গুলি ও নগদ ৯৮ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্থান্তর করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক আহম্মেদ মোরশেদ জানান, আটক দুইজন থানা হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।