রংপুর নগরীতে যুবদল নেতা রাকিব হাসানকে কুপিয়ে হত্যার জেরে বাড়ি ও দোকানপাটে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) বিকেলে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নুরপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মো. শান্ত (২১), কামালকাছনা এলাকার মৃত আরিফ হোসেনের ছেলে আশিক ইসলাম (২১) ও মো. রাতুল ইসলাম (২০) এবং মামুনুর রশীদের ছেলে নাহিদ ইসলাম নিলয় (২৩)।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) রাকিব হাসানকে মাদক ও পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ী মমিনসহ একদল দুষ্কৃতকারী। নিহত রাকিব হাসান ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে স্থানীয় বাসিন্দা মো. মমিনসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
রাকিব হত্যার পরের দিন শুক্রবার (১০ এপ্রিল) রাতে নগরীর মাছুয়াপাড়ার দুটি বাড়ি ও ১০টি দোকানে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ বিন কাশেম বাদী হয়ে থানায় মামলা করেন।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ (সিটিএসবি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। হত্যার পেছনের প্রধান কারণ কী এবং কারা কারা এই হত্যার সঙ্গে জড়িত, সে বিষয়ে অধিকতর তদন্ত হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।