চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর একটি বিশেষ টহল দলের চোরাচালানবিরোধী অভিযানে সোমবার (১৩ এপ্রিল) ১০টি স্বর্ণেরবারসহ এক চোরাকারবারিকে আটক করেছে।
বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, ‘আজ ভোরে সীমান্তবর্তী শহর দর্শনা দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। এসময় একজনকে থামতে বললে সে বিজিবি দেখে দৌড়ে পালাতে চেষ্টা করে। বিজিবি তাকে ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সর্বমোট ১০টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোন জব্দ করা হয়।’
সোনার বারসহ আটক ব্যক্তি মো. আলঙ্গীর খান (৫৫) দর্শনা মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে।
বিজিবিব অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত সোনার মোট ওজন আনুমানিক ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। জব্দ করা মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।