শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল পরিবহনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া আলোচনা-সমালোচনার জেরে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ আলমকে বদলি করা হয়েছে।
সম্প্রতি গুদামটি থেকে বড় পরিসরে সরকারি চাল পরিবহনের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক প্রশ্নের জন্ম দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
পরবর্তীতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শাহনেওয়াজ আলমকে শরীয়তপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা পদ থেকে সরিয়ে মুন্সিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কারিগরি খাদ্য পরিদর্শক হিসেবে বদলি করা হয়। একই সঙ্গে তার স্থলে অন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক প্রয়োজনেই এ বদলি কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, সরকারি চাল পরিবহনের ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।