যৌতুক না দেওয়ায় কুমিল্লার মেয়ে ২২ বছর বয়সী নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমিকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ৭ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আনাস ও তার পরিবারের সদস্যরা গত ৯ এপ্রিল রাতে চট্রগ্রামের বায়োজিদ থানাধীন মুরাদপুর শহীদনগরের বাসায় প্রমিকে হত্যা করে।
এ নারী উদ্যোক্তাকে হত্যার ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে গ্রেফতার করেনি বায়োজিদ থানা পুলিশ। অবিলম্বে দ্রুততর সময়ের মধ্যে ঘাতক স্বামী আনাস, তার বোন ও মা, বন্ধু রিজভীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া প্রমির বোন সাদিয়া জাহান অভিযোগ করে বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা চট্রগ্রামের বায়োজিদ থানার এসআই রাজিব কোনোভাবেই আমাদের সহযোগিতা করছে না। বরং আসামীদের পালিয়ে যেতে, দেশত্যাগে সহযোগিতা করছেন।’
চিওড়া ব্লাড ডোনেশানের সভাপতি মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় মানববন্ধকে বক্তব্যে দেন- চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারী খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক মামুন মজুমদার, পাঁচরা জনকল্যান সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আরাফাত হোসেন, সাবেক ছাত্রনেতা মো. হোসাইন, প্রমির বোন সাজেদা আক্তার পনিকা, চাচা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদনগরের একটি বাসা থেকে উদ্যোক্তা প্রমির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে শনিবার (১১ এপ্রিল) সকালে তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের ঝাটিয়ারখীল এলাকায় দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে প্রমির স্বামী আবু ছৈয়দ মোহাম্মদ আনাস (২৮), তার বন্ধু আব্দুল্লাহ আল রিজভী (২৮), মা মারজান বেগম (৪৭) ও বোন নাসরিন আক্তার (৩০)-কে আসামি করে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি অভিযোগ দায়ের করেন।