জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের দায়ের করা মামলায় মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র শওকত আলীসহ আট নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৯ এপ্রিল) জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় তারা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক রুমানা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আওয়ামী নেতা-কর্মীরা হলেন, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, তার ছোট ভাই যুবলীগ নেতা আলী আজম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, একই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, যুবলীগের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রতন, মির্জা তৌহিদুল ইসলাম তৌহিদ, মামুন এবং সামিউল ইসলাম মানিক।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলায় বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বাদীর অভিযোগ এবং সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় প্রায় ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়েছে।