রংপুরে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর বিচারক মো. বদরুল আলম ভূঞা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন— রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সাবেক অফিস সহকারী (বর্তমানে বরখাস্তকৃত) মো. শামসুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোছা. মায়া ইসলাম (৪৫)।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তাজহাট থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করে। গত ৩১ মার্চ আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। উভয়কে পৃথক দুটি ধারায় ১ বছর ও ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। উভয়কে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া, দুর্নীতির মাধ্যমে অর্জিত যাবতীয় সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
রায়ের সময় পলাতক থাকলেও সোমবার সাজাপ্রাপ্ত এই দম্পতি আদালতে আত্মসমর্পণ করেন। মামলার বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত উভয়কে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।