যশোরে সাংসারিক বিরোধের জের ধরে পুত্রবধূর হাতে হত্যার শিকার হয়েছেন সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে শহরের বেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতেই পুলিশ ঘাতক পুত্রবধূ মরিয়মকে আটক করে।
সাংসারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। নিহত নাম সকিনা বেগম বেজপাড়া মেইন রোড এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।
নিহত সকিনা বেগমের ছেলে শহিদুল জানান, মঙ্গলবার সকাল ৯টায় কর্মস্থলে যান। দুপুরে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। এ সময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে গেছেন। রাত ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় যাওয়ার সময় বাসার সামনে রাখা একটি বস্তা দেখে সন্দেহ হওয়ায় সেটি খুলে মায়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এদিকে বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনার রাতেই শহিদুলের স্ত্রী মরিয়মকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়। পরে সে হত্যার কথা স্বীকার করে। সাংসারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় মরিয়মের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।