ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরও অন্তত ১০ জন। উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের খালপাড়ায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুীরর সমর্থকদের সঙ্গে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের লোকজন। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাহিদের সমর্থক মোহন শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি বলেন, ‘মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।