মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কয়কীর্তন এলাকায় সমাপ্তি (২০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার বিকেল সারে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত সমাপ্তি ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামের পুকুরপাড় এলাকার মেহের আলীর মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ছয়মাস আগে পরিবারের অমতের শ্রীনগরের কয়কীর্তন এলাকার শাহিন হোসেনের ছেলে সোহানের সঙ্গে সমাপ্তির বিয়ে হয়। বিয়ের পর মেয়ের পরিবার সম্পর্কটি মেনে না নিলেও ফোনে যোগাযোগ ছিল। তবে কিছুদিন পর স্বামী ও তার পরিবারের সদস্যরা সমাপ্তির ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয় এবং তার সিম কার্ডটি ভেঙে ফেলে। এতে করে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন সমাপ্তি।
নিহতের চাচা হাসেন বেপারী জানায়, বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যা ৬টার দিকে সোহান ও তার পরিবারের পক্ষ থেকে সমাপ্তির পরিবারকে জানানো হয় যে তিনি স্ট্রোক করে মারা গেছেন।
নিহতের স্বজনদের অভিযোগ, সোহান ও তার পরিবারের সদস্যরা মিলে সমাপ্তিকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে।
এ ঘটনায় নিহতের পরিবার শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ গ্রহণ করেননি বলেও অভিযোগ উঠেছে।
এবিষয়ে সমাপ্তির শ্বশুর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নিহতের শ্বশুর শাহিন হোসেন বলেন, ‘আমার ছেলের সঙ্গে ছয়মাস আগে প্রেম করে বিয়ে হয়। কি কারনে পুত্রবধু আত্মহত্যা করেছে আমরা কিছু¦ই জানি না।
এবিষয়ে শ্রীনগর থানার ওসি মো. জুয়েল মিয়া জানান, নিহত সমাপ্তিকে দরজা ভেঙ্গে উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে যদি হত্যার আলামত পাওয়া যায় তবে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নিহতের পরিবারকে আইনগত সহায়তা দেওয়া হবে।