গাইবান্ধায় মোনালিসা আক্তার (১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কোমরনই এলাকায় দুলাভাইয়ের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোনালিসা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকার হান্নান মিয়ার মেয়ে এবং এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী গোলাপ মিয়ার ছেলে শ্রাবণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মোনালিসার। সেই সম্পর্কের জেরে গত মঙ্গলবার তারা দুজনে অজানার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে সদর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরবর্তীতে তাদের সন্ধান পাওয়া গেলে সালিসের মাধ্যমে মোনালিসাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
সালিসের পর তাকে বড় বোন লিমার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই মোনালিসার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।